
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে বদলি করা হয়েছে। একই ঘটনায় তদন্ত, শোকজ, বরখাস্ত ও দুদকের অনুসন্ধানসহ একাধিক পদক্ষেপ চলছে।
১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজে অনিয়মের অভিযোগের পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়। আদেশ অনুযায়ী, তিনি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন, অন্যথায় তাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। কাজী ফাত্তাউর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সেতু নির্মাণে বাঁশ ব্যবহারের অভিযোগ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পর সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সেতুটি পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন বলেন, প্রাথমিকভাবে সেখানে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে পরীক্ষা করে প্রয়োজনীয় পরিমাণের তুলনায় কম রড পাওয়া গেছে। বিশেষজ্ঞদের প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাঁশ ব্যবহারের বিষয়ে তিনি জানান, ঘটনাস্থলে বাঁশ দেখা না গেলেও গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সাটারিংয়ে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখা গেছে।
ঘটনার তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সময়ে এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেকও সেতুটি পরিদর্শন করেন। জাহানারা পারভীন শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করলেও উপজেলা প্রকৌশলীর স্ট্যান্ড রিলিজ নিয়ে মন্তব্য করতে চাননি।
জানা গেছে, বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হয়। যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর রাতে সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের কাজ করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।