
ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় অফিস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এ বিষয়ে মেটার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ এ তথ্য জানান। তিনি বলেন, মেটার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ঢাকায় অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের অভাবে তিনি অংশ নিতে পারেননি।
শামা ওবায়েদ জানান, মেটা ঢাকাকেই তাদের ফোকাল পয়েন্ট হিসেবে গড়ে তুলতে আগ্রহী। তার ভাষ্য, ভারতের তুলনায় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে। এ সহযোগিতা ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।