
ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পুলিশের সঙ্গে বাক্বিতণ্ডার জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পৌর বিএনপির এক নেতাকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনাকে ঘিরে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মুক্তাগাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুলকে। তবে সোমবার রাত পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে আরিফ রব্বানী ওরফে টুটুল থানায় গিয়ে ওসির কক্ষে প্রবেশ করতে চান। তখন দায়িত্বরত কনস্টেবল মো. বকুল মিয়া তাকে জানান, ওসি ও থানার অন্য কর্মকর্তারা জরুরি বৈঠকে থাকায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এ নিয়ে কনস্টেবল বকুল মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি জানতে পেরে ওসি মো. কামরুল হাসানসহ অন্য কর্মকর্তারা বাইরে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় ওসির সঙ্গেও আরিফ রব্বানীর বাগ্বিতণ্ডা হয় বলে পুলিশ জানায়।
এরপর যুবদল কর্মী সুমন, আদিলসহ কয়েকজন এসে আরিফ রব্বানীকে বুঝিয়ে থানার বাইরে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে প্রায় দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে লাঠি ও দেশীয় অস্ত্রধারী একদল ব্যক্তি মুক্তাগাছা থানার প্রধান ফটকের সামনে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় থানার পাশের ট্রাফিক বক্সও ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং থানায় নিরাপত্তা জোরদার করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে রাত ১০টার দিকে আরিফ রব্বানী ওরফে টুটুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আরিফ রব্বানী ওরফে টুটুলকে প্রধান আসামি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।’