
দেশে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জারি করা ওই প্রজ্ঞাপনের তথ্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেবল নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা বা তদূর্ধ্ব বহাল থাকছে।
সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের মূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছিল। সে সময় নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে ৬২ টাকায় উন্নীত করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে এসব স্তরের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।