
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও গৃহের চাবি বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি এবং ২২টি গৃহের চাবি হস্তান্তর করেন।
এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৭৩টি সেলাই মেশিন এবং এডিপির অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দিয়ার মানিকচর প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী দেওয়া হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।