
সৌদি আরবের রিয়াদে মো. মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে।
স্থানীয় প্রবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরও তিন প্রবাসীর সঙ্গে থাকতেন। কয়েক দিন আগে ঘুমানোর জায়গা ও রান্না করা নিয়ে একই বাসায় থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
পরিবারের দাবি, সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফেরার পর ওই বিরোধকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে এক রুমমেট রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। ঘটনার পর বাসায় থাকা অন্য তিনজন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।
নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর শান্ত স্বভাবের ছিলেন। কয়েক দিন আগে রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।
তিনি বলেন, সোমবার থেকে মতিউরের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে একই বাসায় থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে। নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।