
চট্টগ্রাম নগরের হালিশহর থেকে নিখোঁজ হয়েছেন মিথিলা নামে এক কলেজছাত্রী। পরিবারের অভিযোগ, অপহরণের দাবি করে তার মুক্তির জন্য পাঁচ লাখ টাকা চাওয়া হয়েছে এবং থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহারের হুমকিও দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিথিলা পরিবারের সঙ্গে নগরের দক্ষিণ হালিশহর এলাকায় বসবাস করেন। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভুক্তভোগীর ভাই হৃদয় জানান, জিডি করার পর তার মোবাইল ফোনে ‘ব্রিলিয়ান্ট অ্যাপস’ নামে একটি ভিওআইপি নম্বর থেকে কল আসে। ওই কলের মাধ্যমে জিডি তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় এবং মিথিলাকে মুক্ত করতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপরিচিত আরেকটি নম্বর থেকেও একই ধরনের হুমকি ও অর্থ দাবি করা হয়। বিষয়টি তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম (অব.) বলেন, মঙ্গলবার ভুক্তভোগীর পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করে। তিনি পরিবারকে দ্রুত পুলিশের শরণাপন্ন হওয়ার এবং নিখোঁজের ঘটনায় থানায় জিডি করার পরামর্শ দেন।
নিখোঁজের ঘটনায় করা জিডির তদন্ত কর্মকর্তা খায়রুল বাশার সাজিদ বলেন, সম্ভাব্য সব ধরনের সূত্র গুরুত্বের সঙ্গে যাচাই করে মিথিলাকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি পরিবারের কাছে আসা কলটির ফরেনসিক বিশ্লেষণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।