
এশিয়ান গেমসের নারী ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। জাপানে অনুষ্ঠিত আসরে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জাপানের আইচি-নাগায়োতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারী ফুটবল দিয়েই এবারের মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে ওসাকার নাগাই স্টেডিয়ামে প্রথম ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দলটি। এই হার বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়।
সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্য পাওয়া উত্তর কোরিয়া শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। স্বর্ণপদকের অন্যতম দাবিদার দলটি প্রথমার্ধেই বাংলাদেশের জালে সাতবার বল পাঠায়।
ম্যাচের ১০ মিনিটে রিয়ং জং জোড়া গোল করে উত্তর কোরিয়াকে এগিয়ে নেন। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ং ব্যবধান ৩-০ করেন। পরে ১৮ ও ৩৫ মিনিটে চ্যা আন ইয়ং আরও দুটি গোল করেন। প্রথমার্ধের শেষদিকে ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ংয়ের জোড়া গোলে বিরতিতে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর কোরিয়া।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে উত্তর কোরিয়া। রিং সং, জং কুম ও হান জিন হং আরও তিনটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে।