
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে।
এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাওয়া যাবে।
তবে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি থাকছে না। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও এ উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় সব বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ছুটি নাও থাকতে পারে।
কোনো কোনো বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোথাও স্বাভাবিক কার্যক্রম চলতে পারে। তাই শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ছুটির নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।