
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই—এমন মন্তব্য করে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ ও সারের সংকট চরম আকার ধারণ করেছে। এতে মানুষ দুর্ভোগে পড়েছে। জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে হয়েছে।
এর আগে সকালে মানিকপোটল (মরিচতলা) গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।