জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ শুরু হচ্ছে। এ অধিবেশনের মাধ্যমে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যা দেশের কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।
অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটে ৯৯ ভোট পেয়ে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। তার এই বিজয়কে বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করছেন।
জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।