
চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান সদরের জলিলনগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলাংগাড়া গ্রামের আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং একটি বেসরকারি বিমা কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস থেকে বের হয়ে নুরুল ইসলাম সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নিরাপদ সড়ক ও বেপরোয়া যান চলাচল বন্ধের দাবিতে সড়কে অবস্থান নেন। এতে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জলিলনগর মোড়ের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে থানা ও হাইওয়ে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে দেন।
নিহতের ছেলে মোহাম্মদ সামির অভিযোগ করেন, তার বাবাকে হত্যা করা হয়েছে। তিনি ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।