
দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর জাতীয় সংসদে ফিরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।”
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মির্জা আব্বাস জানান, নির্বাচিত হওয়ার পর এক বৈঠকে তিনি গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে বিদেশে চিকিৎসাধীন ছিলেন এবং তার চিকিৎসা এখনো চলমান। দীর্ঘদিন সংসদের কার্যক্রমে নিয়মিত অংশ নিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।
অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়া ও সুস্থতার জন্য দোয়া করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সহকর্মী সংসদ সদস্য এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, সবার ভালোবাসা ও আন্তরিকতার টানেই চিকিৎসাধীন অবস্থায় দেশে ফিরে সংসদে যোগ দিয়েছেন।
মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর আবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া তার রাজনৈতিক জীবনের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত। তিনি বলেন, রাজনীতি শুধু মতপার্থক্যের বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি দায়িত্ব। সংসদও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা।
নিজের নির্বাচনী এলাকার মানুষ এবং দেশের সেবায় অবশিষ্ট সময় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চান জানিয়ে তিনি আল্লাহর কাছে সুস্থতা ও শক্তি কামনা করেন। বক্তব্যের শেষেও দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান এবং বলেন, জীবনের বাকি সময়টুকু যেন দেশ ও জাতির জন্য কাজে লাগাতে পারেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন।