
নাটোর সদরের চাঁদপুর বাজারে আনোয়ারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যার পর বৃষ্টির মধ্যে তার হোমিও চেম্বারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বাসিন্দা। বুধবার সন্ধ্যায় নাটোরে মুষলধারে বৃষ্টির সময় নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজার এলাকায় তার হোমিও চেম্বারে ঢুকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে।
নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এবং কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানান তিনি।