পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক (৫৫) নামে এক মুদি দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল মল্লিক একই গ্রামের বাসিন্দা। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে অনেক সময় তিনি অস্বাভাবিক আচরণ করতেন। পাশাপাশি সংসারে অভাব-অনটন থাকায় তিনি চরম সংকটে ছিলেন।
স্বজনরা জানান, একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি সেই কাজ করতে পারতেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে সেই দোকান থেকেও সংসারের অভাব দূর হয়নি।
নিহতের মেয়ে জামাই আবীর হোসেন বলেন, মঙ্গলবার তার শ্বশুরকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চায়ের দোকানে ঘুমাতে যান। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকতে গেলে দোকানের ফাঁক দিয়ে দেখা যায়, গলায় রশি পেঁচানো অবস্থায় তিনি ঝুলে আছেন।
স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পাশাপাশি সংসারে অভাব থাকায় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের অনেক সময় ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে। গতকালও তাকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



















