
মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমামের থাকার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি বোমার বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অসুস্থতার কারণে মসজিদের ইমাম গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকায় ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। ইমামের কক্ষের চাবি বর্তমানে মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সদস্যদের কাছে রয়েছে।
মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, ইমামের কক্ষে কে বা কারা বোমা রেখেছে, তা তাদের জানা নেই। তিনি বলেন, নামাজের সময় বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে ইমামের কক্ষের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলামত দেখে এটি বোমার বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা বোমা রেখেছে এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।