
ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর মিছিলে অংশ নেওয়াদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ‘যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে একেকজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হবে ফরিদপুরের মাটি। মনে রাখবেন, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ফরিদপুরের মাটি ছাত্রলীগের ঘাঁটি।’
এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে মশাল হাতে একদল নেতাকর্মী সড়কে মিছিল করছেন। ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, মিছিলে অংশ নেওয়াদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।