ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা ফাতেহা পাঠ করেন এবং দলের প্রয়াত প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারপার্সনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরে দলের নেতাদের সঙ্গে নিয়ে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন।
দলের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। এ সময় মিছিল নিয়ে উপস্থিত নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়েও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। দলটি এমন সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে, যখন প্রায় দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং প্রথমবারের মতো দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের পুত্র তারেক রহমান দলের নেতৃত্ব দিচ্ছেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্ব গ্রহণ করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।