হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাওনা ২০ হাজার টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২৩) নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা ২০ হাজার টাকা ফেরত দেওয়া নিয়ে শাবানা বেগমের সঙ্গে তার বড় ভাই শাহিন মিয়ার কথা-কাটাকাটি শুরু হয়।
বিরোধের একপর্যায়ে শাহিন মিয়া ছুরি দিয়ে শাবানাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে নৌকায় করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন মিয়া আত্মগোপনে রয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি কী কারণে এবং কোন পরিস্থিতিতে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।