পটুয়াখালীর দুমকি উপজেলার একটি মসজিদের শয়নকক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদে ঘটে।
মৃত সায়েম সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার এশার নামাজের সময় মসজিদের নিয়মিত মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে এসে প্রথমে সায়েমের কক্ষে যান। সেখানে তিনি সায়েমকে খাটের ওপর রহস্যজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তিনি বিষয়টি অন্য মুসল্লি ও স্থানীয়দের জানান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।