যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ।
অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা। উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আর জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক দায়িত্ব বা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না।
দলীয় সূত্র জানায়, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দকৃত সম্মানির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে ওই দুই নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, অনিয়মের অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট দুই নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।