ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গোপনে গঠন করা হয়েছে—এমন অভিযোগ তুলে দলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় তারা নতুন ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান।
রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে সমবেত হন। সেখান থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঝাড়ুর পাশাপাশি প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে একপেশেভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের ভাষ্য, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে গঠিত ‘পকেট কমিটি’ তারা মেনে নেবেন না। বক্তারা আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত কোনো অবৈধ কমিটি তৃণমূল বিএনপি মেনে নেবে না, মানবেও না।” একই সঙ্গে তারা দ্রুত ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্যসচিব বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়নের বিএনপি নেতা আক্কাস আলী খান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তৌফিক ইমাম সোহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য ও বিএনপি নেতা জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পাবনা জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ জুয়েল, যুবদল নেতা বেলাল খান, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ছাত্রদল নেতা মোহন ও রিশাদ হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদনসংক্রান্ত বিজ্ঞপ্তি ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।



















