টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘরের বাইরে থেকে শেকল লাগিয়ে ঘুমন্ত এক দম্পতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তবে টিনের বেড়া কেটে বেরিয়ে প্রাণে রক্ষা পান তারা। এ ঘটনায় লাল মিয়া (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাল মিয়া জানান, রাতে তার স্ত্রী বেগম আক্তার ঘরের চারপাশে আগুন দেখতে পেয়ে তাকে ঘুম থেকে জাগান। পরে তারা দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পান, বাইরে থেকে শেকল দিয়ে ঘরটি আটকে রাখা হয়েছে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে পেট্রোলের তীব্র গন্ধ ও ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একপর্যায়ে জীবন বাঁচাতে ঘরে থাকা একটি দা দিয়ে টিনের বেড়া কেটে তারা বাইরে বেরিয়ে আসেন।
আগুনে লাল মিয়ার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আগুনে বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।
লাল মিয়ার স্ত্রী বেগম আক্তার অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবেশী হাসেম, কাশেম, জুয়েল, মোশাররফ, আশ্রব আলী ও কাঞ্চনমালাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েক দিন আগেও তাদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে ঘরের বাইরে শেকল লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে তাদের সন্দেহ। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। [তথ্য যাচাই প্রয়োজন]
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দম্পতিকে উদ্ধার করতে সহায়তা করেন। তারা সময়মতো টিনের বেড়া কেটে বের হতে না পারলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
সখীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।



















