
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন কয়েকটি ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। রোদঝলমলে বিকেলে তোলা ছবিগুলোতে তার ভিন্ন লুক প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীদের।
গত শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন স্পর্শিয়া। ছবিতে তাকে হলুদ রঙের ফুলেল নকশার স্লিভলেস পোশাকে দেখা যায়। খোলা চুলে সূর্যের আলো উপভোগের মুহূর্তগুলো আরও প্রাণবন্ত করে তুলতে পোস্টে যুক্ত করেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’। পোস্টটি প্রকাশের পরই মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই তার সৌন্দর্য, গ্ল্যামার ও স্টাইলের প্রশংসা করেন। আবার কেউ কেউ তার নতুন লুক নিয়েও মতামত জানান।

ছবির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, সেগুলো দেশের বাইরে তোলা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্পর্শিয়া। নিউইয়র্কে তার পরিবারের সদস্যরা থাকেন। তাই কাজের ফাঁকে নিয়মিত সেখানে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আইম্যাক্স প্রেক্ষাগৃহে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখেছেন স্পর্শিয়া। এ ছাড়া নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং মার্থা গ্রাহামের প্রদর্শনীও ঘুরে দেখেছেন তিনি। ভ্রমণ, সিনেমা ও শিল্প-সংস্কৃতির নানা অভিজ্ঞতা সামাজিক মাধ্যমেও ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।

অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। বর্তমানে তিনি কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করছেন। নাটকটিতে তার সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেক শিল্পী।