
কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে একাডেমিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলেজ প্রশাসন। ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনা করার অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, মো. মুসলিম সরদারকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ছাত্রীদের সঙ্গে ওই শিক্ষকের ব্যক্তিগত কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ করা হয়, সেখানে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনা রয়েছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে অডিওটির সত্যতা এবং অভিযোগের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের পর বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন বৈঠক করে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে মো. মুসলিম সরদারকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. মুসলিম সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন বলেন, “আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগ ওঠার পর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। অভিযোগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”