সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোল মঞ্জুর করা হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন তানি দীপাবলি নেওয়াজ। দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলের আবেদন জমা দেন। ওই আবেদনের পর প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।
পারিবারিক সূত্র জানায়, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেবেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।



















