
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টেই নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং (চীন)।
বাংলাদেশ ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।
এদিকে, র্যাংকিংয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে চীনের বিপক্ষে মাঠে নামবে তারা। ওই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।