দুবাই ট্যাক্সি কোম্পানিতে ট্যাক্সিচালক নিয়োগের জন্য বাংলাদেশে সরাসরি সাক্ষাৎকার নিতে আসছে একটি প্রতিনিধিদল। বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) স্থানীয়ভাবে নিয়োগ কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল এ তথ্য জানায়। প্রতিনিধিদলের সদস্যরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। তারা আরও জানান, দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলতার সঙ্গে চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে হবে এবং ন্যূনতম এসএসসি পাস হতে হবে। চাকরির মেয়াদ নবায়নযোগ্য দুই বছর এবং আবেদনকারীর বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। পাশাপাশি আবাসনের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠান। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর আবাসন বাবদ নির্ধারিত অর্থ কর্মীদের বেতন থেকে মাসিক ভিত্তিতে কেটে রাখা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্ত সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি, জীবনবৃত্তান্ত (বায়োডাটা) এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।