মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্সশিটের সম্প্রসারণসহ প্রায় সব আর্থিক সূচকেই ২০২৬ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কর-পরবর্তী নিট মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধির তথ্য উঠে এসেছে।
ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত সব সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৫ সালের একই সময়ে এ মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়, এককভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফাও ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৬২০ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাতউল্লাহ খান বলেন, চলতি বছরের প্রথমার্ধের এ সাফল্য ব্যাংকের শক্তিশালী ব্যবসায়িক মডেল, সুশাসন এবং কার্যকর বাস্তবায়নের প্রতিফলন। গ্রাহকদের আস্থার কারণে ব্যাংকটি খাতের গড় প্রবৃদ্ধির তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, সুশাসন, উদ্ভাবন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার সর্বোচ্চ মান বজায় রেখে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।