সাতক্ষীরা, ১৪ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালি ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বেড়িবাঁধ নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৯০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্রঃ বাসস