শিশু আইন বিষয়ে এক সেমিনার আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ইউনিসেফ বাংলাদেশ-এর সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন এসএআরসি প্রকল্প ও রাবির আইন বিভাগ যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনারের আয়োজন করে।
এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস এম আসাদুল আলম।
রাবি আইন বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ- এর শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন।
সেমিনারে জাস্টিস ফর চিলড্রেন-এর জাতীয় বিশেষজ্ঞ মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিশু আইন, ২০১৩-এর বিধি ও বাস্তবায়ন বিষয়ে অতিরিক্ত সচিব এস এম আরশাদুল আলম, আন্তর্জাতিক মানদণ্ডে শিশু অধিকার বিষয়ে রাবি আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান এবং শিশু আইন, ২০১৩-এর প্রয়োগের বিষয়ে জাস্টিস ফর চিলড্রেন-এর প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম বক্তব্য রাখেন।
সেমিনারে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের বিষয়ে জাস্টিস ফর চিলড্রেন-এর আবু হেনা মোস্তফা কামাল অডিও ভিজ্যুয়াল মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
এ সেমিনারে রাবির আইন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আইনজীবী সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস