শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের শতবর্ষী রহিতন নেছাকে সরকারি ভাতা, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন তাঁর কার্যালয়ে রহিতন নেছার হাতে ভাতার কার্ডের ব্যবস্থা নিশ্চিত করেন এবং খাদ্যসামগ্রী তুলে দেন। একই অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন ব্যক্তিগত উদ্যোগে তাঁকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় ইউএনও সাবরিনা শারমিন জানান, রহিতন নেছার জন্য একটি ঘরের ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সরকারি সহায়তাও পর্যায়ক্রমে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই যমুনা নদীর ভাঙনে রহিতন নেছার একমাত্র বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর এক মেয়েকে নিয়ে তিনি ভাঙনকবলিত এলাকায় অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন।
সম্প্রতি ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ইউএনও সাবরিনা শারমিন রহিতন নেছার দুর্দশা প্রত্যক্ষ করেন। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে সরকারি সহায়তার আওতায় আনার নির্দেশ দেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেন।
নির্দেশনা অনুযায়ী উপজেলা সমাজসেবা কার্যালয় দ্রুত ভাতার কার্ড প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। একই সঙ্গে সমাজসেবা বিভাগের মাধ্যমে তাঁর জন্য একটি ঘর নির্মাণের কার্যক্রমও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারি সহায়তা হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শতবর্ষী রহিতন নেছা। জীবনের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের জন্য দোয়া করেন।