কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই শিশু হলো, পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ইমরান, জোনায়েদ ও তাদের সমবয়সী আরেক শিশু বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে না উঠলে সঙ্গে থাকা বাইজিদ চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন।
পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ বাসস’কে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলি এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।