সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বর্ধনগাছা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুবেল বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল রেললাইন ধরে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার একটি ফুটবল ম্যাচ দেখছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে না পেরে দুর্ঘটনার শিকার হন।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।