গাজীপুর জেলার কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসত-বাড়ি পুড়ে গেছে।
আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বাসসকে বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও ১টি বসতবাড়ি পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের দুটি দোকানের প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা ও আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকা এবং মোহাম্মদ রাসেলের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকগণ দাবি করছেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাসসকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাচ্ছে না।