পঞ্চগড়, জেলার সদর উপজেলায় আজ গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় পানিতে ডুবে গুল মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গুল মোহাম্মদ আলী জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী। এসময় নদী পাড়ের কয়েকজনের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন তাৎক্ষণিকভাবে গুল মোহাম্মদ আলীকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘন্টা পর নদী থেকে গুল মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।