ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চারদিন ধরে বান্দরবানে ভারী বর্ষণ হচ্ছে। সাঙ্গু, মাতামুহুরি ও বাকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।
অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। মাটি ধসে বান্দরবানের কেরাণীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় মাটি ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এ ঘটনায় দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বান্দরবানের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন বাসসকে জানান, সড়কের মাটি সরাতে আমাদের টিম কাজ করছে। মাটির পরিমাণ বেশি হওয়ায় ক্রেন দিয়ে সরাতে হবে। এছাড়াও মাটির সঙ্গে গাছও সড়কে এসে পড়েছে।