পিরোজপুর, জেলার নাজিরপুর উপজেলায় আজ খালের পানিতে ডুবে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১ টার দিকে নাজিরপুর উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
মৃত দুই শিশু আব্দুর রহমান ও আবু বক্কর সম্পর্কে আপন ভাই। তারা জেলার নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আব্দুর রহমান ও আবু বক্কর দু’দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে তাদের নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে দুই শিশু সবার অগোচরে পার্শ্ববর্তী খালে গোসল করতে গিয়েছিল। পরে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর একটার দিকে বাড়ির সামনের খালে দুই শিশুর দেহ ভেসে ওঠে। গুরুতর অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র জানান, পানিতে পড়া দুইজন শিশুকে যখন হাসপাতালে নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।
বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্রঃ বাসস