জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক-প্রশাসন বিভাগে (২০২৬-২৭) মেয়াদের শিক্ষার্থী সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাগিব মাহফুজ কাব্য, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আক্কাস আলী এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আর রাফি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনার ও লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— কোষাধ্যক্ষ পদে ইয়া আতিক শাহরিয়ার, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রাজিব চন্দ্র কর, ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক পদে মোঃ মিনহাজুল হাসান (আবির), স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে মোঃ সামসুল আলামিন, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে মাহীর ফয়সাল, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোছাঃ শাহানাজ মাহমুদ শোভা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সাদিয়া আফরিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক পদে ঐশিক আচার্য অর্থ, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে সাদিকা আফরিন, ক্যারিয়ার বিষয়ক সহ-সম্পাদক পদে মোঃ মিনহাজুর রহমান অপু, দপ্তর বিষয়ক সম্পাদক পদে মোঃ মাসউদ, দপ্তর বিষয়ক সহ-সম্পাদক পদে সাইদুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রূপা এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক পদে তাসমীহা তাবাসসুম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রিন্স ঢালী, মোঃ জায়েদুল মনির অনন্ত ও সাব্বির আহমেদ।
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মোঃ আক্কাস আলী বলেন,“আমি বিশ্বাস করি, এই বিজয় শুধু একজন ব্যক্তির নয়; এটি আমাদের সকলের সম্মিলিত স্বপ্ন, পরিশ্রম ও প্রত্যাশার প্রতিফলন। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, একাডেমিক পরিবেশ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত শিক্ষার্থী সমাজ গড়ে তুলতে আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
নবনির্বাচিত ভিপি নাগিব মাহফুজ কাব্য বলেন,“একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার জন্য বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের আস্থা ও সমর্থন আমার জন্য শুধু বিজয় নয়, এটি একটি বড় দায়িত্ব। সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদুর রহমান বলেন,“ অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিভাগের শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি আশা করি, নির্বাচনে জয়ী ও পরাজিত সবাই ভেদাভেদ ভুলে বিভাগের সামগ্রিক উন্নয়নে একসঙ্গে কাজ করবেন।”