জাবি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপিত হয়েছে।
শুক্রবার (৮ মে) দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানের উদ্বোধন করা হয় কেক কাটার মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আব্দুর রব এবং প্রক্টর ড.এ কে এম রাশিদুল আলম।
দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র্যালি, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, বিভিন্ন খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি, রযাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও কনসার্ট। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন ৪৩ ব্যাচের শিক্ষার্থীরা।
উৎসবের আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, “বন্ধুত্বের ১২ বসন্ত পেরিয়েও প্রিয় ক্যাম্পাসে আবার সবাইকে একসঙ্গে পাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। বন্ধুদের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সফল ও স্মরণীয় আয়োজন সম্পন্ন হয়েছে। আমাদের বন্ধুত্ব যুগ যুগ বেঁচে থাকুক।”
অনুষ্ঠানের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, “বন্ধুত্বের এই বন্ধনকে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এক যুগের পথচলায় আমরা অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। ভবিষ্যতে আমরা আরও প্রতিষ্ঠিত হয়ে দেশ ও বিশ্বের জন্য নতুন কিছু করার চেষ্টা করবো।”
এদিকে উৎসবের ট্রেজারার এ এস এম শফি কামাল বিপ্লব বলেন, “জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা আজ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও ৪৩ ব্যাচের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”
উৎসব শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন প্রতিবছর আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।