আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০২৪–২৫, ২০২৩–২৪, ২০২২–২৩ ও ২০২১–২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং এলএলএম ২০২৩–২৪ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা সাধারণ জনগণের তুলনায় অনেক বেশি মেধাবী ও জ্ঞানী। তাই তোমাদের দায়িত্বও বেশি। তোমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তোমরাও ভবিষ্যতে দক্ষতার মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, তোমরা পেশাগত জীবনে মানবিক থাকবে। শুধু পারিশ্রমিকের দিকে না তাকিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে। আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ রয়েছে—তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব তোমাদের। তাদের সচেতন করা এবং সহজভাবে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার মতো মানবিক মূল্যবোধ তোমাদের মধ্যে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। তোমাদের নিয়মিত অধ্যয়ন করতে হবে; তবেই তোমরা দক্ষ আইনজ্ঞ হিসেবে গড়ে উঠতে পারবে। সবশেষে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।
আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।