চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান হোসেন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল। আর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কুমিরা মাজার গেট এলাকায় ‘ইসমাইল আয়রন মাট’ নামের স্ক্র্যাপের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুমিরার ওই স্ক্র্যাপের দোকানে লোহা কাটার জন্য নসিমন করে ৮টি গ্যাসের সিলিন্ডার আনা হয়। বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশেড দোকানের উপরের অংশ উড়ে যায়। এতে নসিমন চালক আরমান হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দোকানের মালিক ও কর্মচারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
যোগাযোগ করা হলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এর আগেই নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে(চমেক) নিয়ে যাওয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন।
সূত্রঃ বাসস