মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজল মিয়ার ফার্মেসির সামনে থেকে মোহাম্মদ হাসান (২৮) নামের এক যুবককে জোরপূর্বক অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে রামু উপজেলার ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়। ঘটনার সময় আশপাশে লোকজনের উপস্থিতি কম থাকায় অপহরণকারীরা সহজেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়। অপহরণকারীরা তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।
ঘটনাটি জানামাত্রই ঈদগাঁও থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। সংবাদের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অভিযান চলাকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তিন অপহরণকারীকে।
গ্রেফতারকৃতরা হলেন— রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের হরিতোলা এলাকার মোরশেদ আলম (২৬), কাদেরপাড়া এলাকার আবুল বাশার (৫০) এবং ভারুয়াখালী এলাকার নুরুল হাকিম (৩২)। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মজুমদার জানান, অপহরণের খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে রামুর পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয় এবং অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।