মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মে) সকালে যাত্রীবাহী একটি 'পূরবী পরিবহন' বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাভারভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে দ্রুতগতির পূরবী পরিবহনের বাসটি ও কাভারভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের প্রচণ্ড শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসে থাকা যাত্রীদের বড় একটি অংশ এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন।
দুর্ঘটনার তীব্রতায় কাভারভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আটকা পড়া চালককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আহতদের দ্রুত উদ্ধার করে ঈদগাঁওর স্থানীয় ক্লিনিক ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।