খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আজ শুক্রবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিইস্টের সহযোগিতায় খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এর আগে একটি সাইকেল রযালি বের করা হয়। রযালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি এসে শেষ হয়।
কেসিসি প্রশাসক বলেন, সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে মানুষের নিরাপদ যাতায়াতের পাশাপাশি দুর্ঘটনা ও যানজট হ্রাস পাবে। সেই সঙ্গে বায়ুদূষণ যেমন কমবে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব নগরী গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা)-এর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। স্টান্ট শো প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ।
চোখ ধাঁধানো স্টান্ট শো দেখে মুগ্ধ হন কেসিসি প্রশাসকসহ উপস্থিত সবাই। পরে আকিজ বাই সাইকেলের পক্ষ থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানার আপকে আড়াই হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপের হাতে দেড় হাজার টাকার পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ ও সায়েদ খান। সার্বিক দায়িত্বে ছিলেন রেজা উর রহমান (এডমিন), কাজী সাদিক (এডমিন) সহ খুলনা সাইক্লিস্ট পরিচালনা কমিটি।
সূত্রঃ বাসস