আগামী বছর ঘরের মাঠে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য হেনরিচ ক্লাসেনকে অবসর থেকে ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন।
তার মতে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ক্লাসেনকে অনুরোধ করা উচিত দক্ষিণ আফ্রিকার।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সানরাইজার্স হায়দরাবাদের ক্লাসেন। ৯ ইনিংস ব্যাট করে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪১৪ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড়- ৫৯.১৪ এবং স্ট্রাইক রেট- ১৫৭.৪১।
গতরাতে আইপিএলের ৪১তম ম্যাচে মুম্বাইয়ের ছুঁেড় দেওয়া ২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত জয় পায় হায়দারাবাদ। দলের জয়ে বড় অবদান রাখেন ক্লাসেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ২২ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত হায়দারাবাদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ক্লাসেন। ৭ চার ও ৪ ছক্কায় ৩০ বলে অনবদ্য ৬৫ রান করেন এই ডান-হাতি ব্যাটার।
ক্লাসেনের দুর্দান্ত ইনিংসের প্রশংসা করেছেন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম- এক্সে পিটারসেন লিখেছেন, ‘দক্ষিন আফ্রিকা এখনও বিশ্বকাপ জিততে পারেনি। দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ডের উচিত দ্রুত ক্লাসেনকে ফোন করে তাকে আবারও দলে ফেরানোর চেষ্টা করা। কারণ ২০২৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাকে দলের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যেতে পারে।’
ক্লাসেনের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তিনি জানান, মিডল-অর্ডারে নেমে ধারাবাহিকভাবে রান করা ও স্ট্রাইক রেট ধরে রাখা ‘অবিশ্বাস্য’।
সূত্রঃ বাসস