শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করতে পারলে তা সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে।
আজ দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখতে হবে এবং এখানে কোনো ধরনের অনিয়ম বা অসততা গ্রহণযোগ্য নয়। শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতখানা উল্লেখ করে তিনি বলেন, এই জায়গায় অসৎ কাজের কোনো সুযোগ নেই। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
নকল প্রতিরোধের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ২০০১ সালে কুমিল্লা থেকেই প্রথম নকলবিরোধী কার্যক্রম শুরু হয়েছিল এবং সে সময় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারো নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শিক্ষকদের প্রতি আস্থা প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের সবসময় সুরক্ষা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। তবে, শিক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। দায়িত্ব পালনকালে কোনো শিক্ষক আহত হলে অতীতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শিক্ষা অন্যসব খাতের মতো নয়, এটি জাতি গঠনের প্রধান মাধ্যম। এখানে দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। নকল বন্ধে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি আরো বলেন, আমরা কোনোভাবেই পরীক্ষায় নকল দেখতে চাই না।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্রঃ বাসস