আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফাস্ট গেইট, সেকেন্ড গেইট, নজরুল ভাষ্কর্যের সামনে ও কদমতলায় পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন বিভাগ। এগুলোতে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রীসংস্থা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, আইন ও বিচার বিভাগ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বিভিন্ন জেলা এসোসিয়েশন।
বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করেছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম, সুপেয় পানি, খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছেন, তেমনি উপকৃত হয়েছেন আগত অভিভাবকরাও। এছাড়াও পরীক্ষা চলাকালীন বই, মোবাইল, হাতঘড়িসহ ইলেকট্রনিক সামগ্রী ও ব্যাগ জমা রাখার ব্যবস্থাও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নজরুল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিরাপদে জমা রাখার ব্যবস্থা করেছি এবং তাদের জন্য পানি ও কলম সরবরাহ করা হয়। নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ রিমন বলেন, প্রতিবারের ন্যায় এবারও নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির পরীক্ষার্থীদের পাশে ছিল। আমরা পরীক্ষার্থীদের জন্য ১ হাজার বোতল পানি ও ১ হাজার কলম বিতরণের চেষ্টা করেছি। তাদের ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন টোকেন সিস্টেমের মাধ্যমে সংরক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। অভিভাবকদের বসার জন্য অভিভাবক ছাউনি করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো ছাত্রশিবির একটি শিক্ষার্থী-বান্ধব সংগঠন—শিক্ষার্থীদের কল্যাণই এর প্রধান লক্ষ্য। ছাত্রবান্ধব কর্মসূচির অংশ হিসেবেই মূলত আমাদের আজকের এই আয়োজন।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের হেল্পডেস্ক থেকে শিক্ষার্থী কবির হোসেন বলেন, আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৮তম আবর্তনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো হেল্প ডেস্ক পরিচালনা করা হয়। গত বছর ২০২৪–২৫ সেশনের ভর্তি পরীক্ষায় ১৭তম আবর্তনের পক্ষ থেকে তিনবার এ আয়োজন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবারের দ্বিতীয় দিনের পরীক্ষায় মোট প্রায় ৬৬টি মোবাইল ফোন এবং ৬০টির বেশি ব্যাগ নিরাপদভাবে সংরক্ষণ করা হয়। এছাড়া বিভিন্ন তথ্য প্রদান করে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষার হেল্প ডেস্কের কার্যক্রম অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত। এই হেল্প ডেস্ক শুধু একটি দায়িত্ব ছিল না,এটি ছিল আমাদের ভালোবাসা, দায়বদ্ধতা এবং আত্মিক সেবার এক অনন্য প্রকাশ।