মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
২৬ মার্চ প্রথম প্রহরে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে সকাল ৮টায় সরকারি নজরুল একাডেমি মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। কুচকাওয়াজে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দল ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এই আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবার নয়, তবে তাদের আদর্শ ও চেতনা ধারণ করাই হতে পারে প্রকৃত শ্রদ্ধা নিবেদন।”
তিনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকরা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।