ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুরে খাল খননের মধ্য দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
(১৬ মার্চ) সোমবার বেলা ১২টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে মতবিনিময় সভায় ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধনু, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, নিয়ামপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দিয়ান উদ্দিন।
এ সময় প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি জমে কৃষি জমির ক্ষতি এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দূর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি খনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণ করেন।
শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।